আট জেলায় ভারী বৃষ্টির সতর্কতা কবে? রথযাত্রার দিন কেমন থাকবে আবহাওয়া?

 

West Bengal Weather: আট জেলায় ভারী বৃষ্টির সতর্কতা কবে? রথযাত্রার দিন কেমন থাকবে আবহাওয়া?




Weather Update: বৃহস্পতিবার আট জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতা: বর্ষা প্রবেশ করেছে বঙ্গে। থেকে থেকে চলছে বৃষ্টি। তবে আর্দ্রতাজনিত অস্বস্তিও রয়েছে। 

বৃহস্পতিবার আট জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দুই এক পশলা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার রথযাত্রা। সেদিন কেমন থাকবে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া? রথের দিন তিন জেলায় বৃষ্টি বেশি হবে। পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সর্তকতা। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

শনিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে।

রবিবার এবং সোমবার ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে সব জেলাতেই।

বুধবার, ২৫ জুন দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে।  বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দুই এক পশলা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।

উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টি ও বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ঝোড়ো হাওয়া থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা।

বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা । শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি - ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস।


Previous Post Next Post