Updated By Abp Ananda
Ahmedabad Plane Crash: আমদাবাদ বিমান দুর্ঘটনায় প্রিয়জনকে হারালেন অভিনেত্রী পায়েল ঘোষ, ভেঙে পড়েছেন অভিনেত্রী
Payal Ghosh on Ahmedabad Plane Crash: পায়েল জানান, প্রীতি কলেক জীবন থেকেই তাঁর খুব ভাল বন্ধু। এখনও যেন প্রিয় বন্ধুর মৃত্যুটা মেনে নিতে পারছেন না পায়েল।
সোশ্যাল মিডিয়ায় পায়েল ঘোষ লিখেছেন, 'রেস্ট ইন পিস প্রীতি। চট্টোপাধ্যায় পরিবারের জন্য় আমার সমবেদনা।' সঙ্গে যোগ করে নিয়েছেন, আমদাবাদ প্লেন ক্র্যাশ হ্যাশট্যাগটি। অর্থাৎ বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে অভিনেত্রীর বন্ধু প্রীতির। সংবাদমাধ্যম সূত্রের খবর, পায়েল জানতেন প্রীতি লন্ডন যাচ্ছিলেন। কিন্তু ঠিক কোন বিমানে প্রীতি যাচ্ছেন, পায়েল জানতেন না। বিমান দুর্ঘটনার খবর পেয়েই পায়েল প্রীতির পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু কেউই কোনও উত্তর দেওয়ার জায়গায় ছিলেন না। তাঁদের নীরবতাই বুঝিয়ে দেয় সবটা। পায়েল বুঝতে পারেন, প্রীতি ওই অভিশপ্ত বিমানেরই সওয়ারি ছিলেন। পায়েল জানান, প্রীতি কলেক জীবন থেকেই তাঁর খুব ভাল বন্ধু। এখনও যেন প্রিয় বন্ধুর মৃত্যুটা মেনে নিতে পারছেন না পায়েল।
শাহরুখ খান এক্স-এ পোস্ট করে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন- 'আমদাবাদে হওয়া দুর্ঘটনার খবর শুনে ভেঙে পড়েছি। শোকাহতদের, তাদের পরিবার এবং সকল ক্ষতিগ্রস্তদের জন্য আমার প্রার্থনা।' অন্যদিকে, আমির খান ইনস্টাগ্রামে পোস্ট করে দুর্ঘটনার জন্য শোকপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন- 'আজ ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আমরা শোকস্তদ্ধ। এই বিশাল ক্ষতির মুহূর্তে, আমাদের সমবেদনা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে আছে। আমরা এই বিধ্বংসী ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি, সম্প্রদায় এবং উদ্ধারকর্মীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। ভারত শক্তিশালী থাকুক।'অল্লু অর্জুন এই ঘটনায় লিখেছেন, 'আমদাবাদের দুর্ঘটনার কথা শুনে আমার হৃদয় ভেঙে যাচ্ছে। এই ঘটনায় যাঁরা প্রয়াত হয়েছেন, তাঁদের পরিবারের পাশে আছি। আহতরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। মৃতদের আত্মাদের শান্তি কামনা করি। সত্যি দুমড়ে মুচড়ে যাচ্ছি।' ইনস্টাগ্রামে আলি ভট্ট লিখেছেন, 'কী ভয়াবহ ঘটনা! সমস্ত যাত্রী আর বিমান ক্রুদের জন্য আমার হৃদয় কেঁদে উঠছে। প্রার্থনা করছি সবার জন্য, নিহতদের পরিবারের জন্য।'
