Uttarakhand News: মহিলার অনুমতি নিয়ে তার নাবালিকা মেয়েকে 'গণধর্ষণ' প্রেমিক ও তার সঙ্গীর ! গ্রেফতার ৩ অভিযুক্ত

 Uttarakhand News: মহিলার অনুমতি নিয়ে তার নাবালিকা মেয়েকে 'গণধর্ষণ' প্রেমিক ও তার সঙ্গীর ! গ্রেফতার ৩ অভিযুক্ত



Haridwar : গণধর্ষণ-সহ POCSO ও BNS-এর বিভিন্ন ধারায় তাদের গ্রেফতার করা হয়েছে।

হরিদ্বার : প্রেমিক ও তার সঙ্গীকে দিয়ে নিজের নাবালিকা মেয়ের ধর্ষণ করানোর অভিযোগ। গ্রেফতার উত্তরাখণ্ডের স্থানীয় প্রাক্তন বিজেপি নেত্রী। তিন অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার হরিদ্বারের একটি হোটেল থেকে পাকড়াও করা হয় অভিযুক্ত অনামিকা শর্মা ও তার প্রেমিক সুমিত পটওয়ালকে। পটওয়ালের সঙ্গী শুভমকে ধরা হয় মিরাটের শাহপুর থেকে। সংবাদ সংস্থা PTI সূত্রের এমনই খবর। গণধর্ষণ-সহ POCSO ও BNS-এর বিভিন্ন ধারায় তাদের গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটা কী ?

ঘটনাটি প্রকাশ্যে আসে বৃহস্পতিবার। ১৩ বছরের ওই নাবালিকা তার বাবাকে বিষয়টি জানায়। যার ভিত্তিতে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করে। ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে, নাবালিকার মেডিক্যাল টেস্ট করা হয়। তার রিপোর্ট অনুযায়ী, নাবালিকাকে যৌন হেনস্থা করা হয়েছে। এমনই জানিয়েছেন হরিদ্বারের এসএসপি প্রেমেন্দ্র ডোভাল। 

PTI-এর খবর অনুযায়ী, স্বামীর থেকে আলাদা হয়ে গেছে অনামিকা। প্রেমিকের সঙ্গে তার হোটেলে থাকছিল সে। মেয়ে থাকত বাবার সঙ্গে। পুলিশ সূত্রের খবর, মায়ের প্রেমিক ও তার সঙ্গী একাধিকবার ওই নাবালিকাকে গণধর্ষণ করে। এই দুই অভিযুক্তেরই বয়স ৩০-এর কোটায়। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে হরিদ্বার, আগ্রা ও বৃন্দাবনে নাবালিকাকে ধর্ষণ করা হয়। তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা নাবালিকার মায়ের সম্মতিতে এবং তার উপস্থিতিতে এই অপরাধ করেছে। যদি সে (নাবালিকা) ঘটনাটি কাউকে জানায়, তাহলে তারা নাবালিকার বাবাকে হত্যার হুমকিও দেয় বলে অভিযোগ।

তিনজনের বিরুদ্ধে BNS ধারা ৭০ (২) (গণধর্ষণ), ৩৫১ (৩) (অপরাধমূলক ভীতি প্রদর্শন), ৩ (৫) (একটি অভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য একাধিক ব্যক্তির দ্বারা অপরাধমূলক কাজ) এবং POCSO আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনা ঘিরে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র।

বিজেপি মহিলার মোর্চার হরিদ্বার জেলা ইউনিটের প্রধান ছিলেন অনামিকা। যদিও, এই মামলায় তার নাম উঠে আসায়, তাকে প্রাথমিক সদস্যপদ থেকে সরিয়ে দেওয়া হয়। বিজেপির সূত্র সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছে যে, ২০২৪-এর অগাস্ট মাস থেকেই দলের কোনো পদে নেই অনামিকা।

দিন কয়েক আগে একইরকম ভয়ঙ্কর ঘটনা সামনে আসে উত্তরপ্রদেশ থেকে। ১১ বছরের মূক ও বধির কন্যাকে ধর্ষণ এবং তার উপর নৃশংস অত্যাচার চালানোর অভিযোগ সামনে আসে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ। 

উত্তরপ্রদেশের রামপুর জেলা থেকে এই ঘটনা সামনে আসে। নিখোঁজ ছিল ১১ বছরের মূক ও বধির মেয়েটি। তন্ন তন্ন করে খুঁজেও মেয়েটিকে পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত নগ্ন ও অচৈতন্য অবস্থায় মাঠে পড়ে থাকতে দেখা যায় মেয়েটিকে। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় মেয়েটিকে। উন্নত চিকিৎসা পরিষেবার জন্য পরে সেখান থেকে স্থানান্তরিত করা হয় মেরঠে।

Previous Post Next Post