তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে রাজারহাটে এলোপাথাড়ি গুলি, সব্যসাচীর অনুগামীদের উপর হামলায় অভিযুক্ত তাপস-গোষ্ঠী
সব্যসাচী বলেন, ‘‘আমি ঘটনার কথা শুনেছি। দুষ্কৃতীদের আলাদা কোনও পরিচয় হয় না। দুষ্কৃতীরা দুষ্কৃতীই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদের প্রশ্রয় দেন না।’’ পাল্টা তাপস বলেন, ‘‘রাজারহাট-নিউ টাউনে সকলেই আমার অনুগামী। তাঁরা কেউ দুষ্কৃতী নয়। আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। পুলিশ তদন্ত করছে। দেখা যাক।’’
রাজারহাটের নারায়ণপুর থানা এলাকার ইজ়রায়েলি পাড়ায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে অভিযোগ, গুলি চলেছে এলাকাবাসী আজাদ বাবা নামে এক ব্যক্তির বাড়িতে। আজাদের দাবি, তিনি বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচীকে ইদে নিমন্ত্রণ করেছিলেন। তা নিয়েই তাপসের রাগ। তার পরেই এই গন্ডগোল। আজাদ বলেন, ‘‘তাপস চট্টোপাধ্যায় আমার বাবাকে উল্টোপাল্টা কথা বলেছিল সব্যসাচী দত্তকে ইদে নিমন্ত্রণ করেছিলাম বলে। আমরা তারই প্রতিবাদ করেছিলাম। এর পরেই অন্তত ১০০ জন বাইক নিয়ে এসে আমাদের উপর হামলা চালায়। ওরা তাপসের গুন্ডাবাহিনী। আমাদের খুব মারধর করেছে। ঘরে ঢুকে গুলি চালিয়েছে। পুলিশ এসেছে। আমরা থানায় অভিযোগ জানাচ্ছি। দুষ্কৃতীদের গ্রেফতার চাই।’’
(এই খবরটি সবে প্রকাশ করা হয়েছে। বিস্তারিত কিছু ক্ষণের মধ্যে আসছে। পাতাটি কিছু ক্ষণ পর পর ‘রিফ্রেশ’ করলে আপনি সর্বশেষ খবর দেখতে পাবেন। দ্রুত খবর পৌঁছে দেওয়ার সময়েও আমাদের তথ্যের সত্যাসত্য সম্পর্কে সচেতন থাকতে হয়। সে জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর সেটি সম্পর্কে নিশ্চিত হয়ে না-হয়ে আমরা তা প্রকাশ করি না। ‘ফেক নিউজ’ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এই পদ্ধতি আরও জরুরি)
